গাইবান্ধায় নারীর শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মো. ইসরাফিল সরকার কিনু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের পর গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাফিল সরকার কিনু অভিযোগ করেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছি গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. শিমুল মিয়া দীর্ঘদিন ধরে তার স্ত্রী শরিফা বেগমকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে তার স্ত্রীকে উত্যক্ত করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

ইসরাফিলের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত রোববার রাত ৯টার দিকে শিমুল মিয়া তাদের ঘরে প্রবেশ করে তার স্ত্রী শরিফা বেগমকে পেছন থেকে জাপটে ধরেন এবং শ্লীলতাহানি করেন। এ সময় শরিফার চিৎকার শুনে বাড়ির সামনে থাকা নিজের মুদির দোকান থেকে ইসরাফিলসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে শিমুল মিয়াকে হাতেনাতে আটক করা হলেও পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন ইসরাফিল।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শরিফা বেগম পরদিন সোমবার পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে ইসরাফিল সরকার কিনু অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিমুল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শিমুল মিয়াকে বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেন। তবে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে তিনি অবগত নন জানিয়ে বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শিমুল মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে সেকান্দার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের বৈঠক
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট
ঘাটাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার