সৌদি আরবের মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়াম ও দুর্লভ খনিজের ভান্ডার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯
অ- অ+

সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান। খবর আরব নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়েছে, মদিনা অঞ্চলের জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে ভারী দুর্লভ খনিজ উপাদান এবং আশাব্যঞ্জক ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে।

এই আবিষ্কারের কয়েক মাস আগে, গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমানের মধ্যে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে নতুন গতি আসার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের পর খনিজ খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ে। ওই সফরে সৌদি রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’ ও মার্কিন প্রতিষ্ঠান ‘এমপি ম্যাটেরিয়ালস’-এর মধ্যে অংশীদারত্ব চুক্তি হয়। চুক্তির আওতায় নির্মিতব্য একটি নতুন প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের ৪৯ শতাংশ অর্থায়নে সম্মত হয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

জেদ্দা শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত জাবাল সাঈদ খনি ইতোমধ্যে বিশ্বের অন্যতম সমৃদ্ধ খনিজ ক্ষেত্র হিসেবে পরিচিত। ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর বিশ্লেষণ অনুযায়ী, এ এলাকায় প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ভারী দুর্লভ খনিজ উপাদান এবং ৩ লাখ ৫৫ হাজার টন হালকা দুর্লভ খনিজ উপাদানের পাশাপাশি প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়াম মজুত রয়েছে।

বর্তমানে সৌদি আরবে থাকা এই খনিজ সম্পদের মোট মূল্য আনুমানিক ১০০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের তুলনায় এ মূল্য প্রায় ৯০ শতাংশ বেশি।

এ ছাড়া সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ৬৪ কোটি ৪০ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আরও দুটি উন্নত খনিজ অঞ্চল চিহ্নিত করেছে। এসব আবিষ্কার সৌদি আরবের খনিজ সম্পদ ও পারমাণবিক জ্বালানি খাতে ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে প্রথমবার চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন
আ.লীগ আমলে ধর্ষণের মামলায় কারাগারে গিয়েছিলেন সাবেক এমপি আরজু