নতুন বছরে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা

শতাব্দীর পর শতাব্দী ধরে গুরুত্ব বহন করে আসছে স্বর্ণ। স্বর্ণের দাম কখনও ঊর্ধ্বমুখী আবার কখনও নিম্নমুখী হচ্ছে। স্থির না হওয়ার কারণ অনেকগুলো। সাধারণত যেকোনো দেশে ঝুঁকি এড়াতে স্বর্ণ মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে স্বর্ণের মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে স্বর্ণ বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। আবার ডলারের দাম বাড়লে স্বর্ণের দর হ্রাস পায়। আবার ডলারের মূল্য নিম্নমুখী হলে স্বর্ণের দাম বেড়ে যায়।
এবার নতুন বছরের শুরুতে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বর্তমানে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৫ সালের শেষ প্রান্তিকে দফায় দফায় স্বর্ণের দাম বাড়তে থাকে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি ভালো মানের স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পরে ১ জানুয়ারি পর্যন্ত টানা তিন দফায় দাম কমানো হলেও নতুন বছরের শুরুতেই তা আবার বাড়ানো হলো।
অন্যদিকে, রুপার দামে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































