যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন।

লেবাননের জরুরি পরিষেবা সংস্থার তথ্যমতে, রাজধানী বৈরুত-এ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৯২ জন নিহত এবং ৭৪২ জন আহত হয়েছেন। এছাড়া বৈরুতের দক্ষিণ শহরতলিতে আরও ৬১ জনের প্রাণহানি ঘটেছে।

অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে নাবাতিয়েহ-এ ২৮ জন, বালবেক-এ ১৮ জন এবং আলেই জেলায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া টায়ার, সিদন ও হেরমেল এলাকাতেও বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এ হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় পরীক্ষা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-ইরান ঘোষিত যুদ্ধবিরতি মেনে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা স্থগিত রেখেছে। তেহরানের পক্ষ থেকেও বলা হয়, লেবানন ফ্রন্ট এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ দাবি প্রত্যাখ্যান করেছেন। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কোনো ধরনের আপস ছাড়াই চলবে। ইসরায়েলের দাবি, এই যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননের জন্য নয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই হামলার খবর নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই এমন হামলা শান্তি প্রচেষ্টাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ