ইসরায়েলি বিমান হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪| আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৬
অ- অ+

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে দেশটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলের দাবি, ওই গাড়িটি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ হামলার শিকার হন। ড্রোন হামলার পর একটি ভবনে আশ্রয় নিলেও সেখানে পুনরায় বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত জয়নব ফারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং উদ্ধারকাজ ব্যাহত করতে আশপাশের সড়কেও হামলা করা হয়। দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস এ ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক আরেক হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, তারা একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, সংঘাতের মধ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের বৈঠকের প্রস্তুতি চলছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের ওপর সাম্প্রতিক হামলায় আহত ফরাসি সেনা করপোরাল আনিসেত গিরার্দিন মারা গেছেন। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগটি অস্বীকার করেছে।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা