বিশ্ব বই ও কপিরাইট দিবস আজ

আজ ২৩ এপ্রিল, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করা, প্রকাশনা শিল্পের উন্নয়ন এবং মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
ঐতিহাসিকভাবে দিবসটির সূচনা ঘটে স্পেনে, লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের উদ্যোগে। তিনি স্প্যানিশ সাহিত্যের প্রবাদপুরুষ মিগেল ডি সার্ভান্তেসের প্রয়াণ দিবসকে স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে এই প্রথা শুরু করেন। পরবর্তীতে ১৯২৬ সালে স্পেনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘বই দিবস’ পালিত হয়।
১৯৯৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা UNESCO দিবসটিকে আন্তর্জাতিকভাবে পালনের ঘোষণা দেয়। ২৩ এপ্রিলকে বেছে নেওয়ার কারণ হলো, এদিন বিশ্বসাহিত্যের তিন দিকপাল উইলিয়াম শেক্সপিয়ার, মিগেল ডি সার্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো ডি লা ভেগার মৃত্যুবার্ষিকী।
প্রতি বছর এই দিবসে ইউনেস্কো একটি শহরকে “ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল” বা বিশ্ব বই রাজধানী হিসেবে ঘোষণা করে। নির্বাচিত শহরটি বছরজুড়ে বইপাঠ ও সাহিত্যচর্চা বৃদ্ধিতে নানা কর্মসূচি আয়োজন করে। চলতি বছর মরক্কোর রাজধানী রাবাতকে এই মর্যাদা দেওয়া হয়েছে।
বিশ্বের শতাধিক দেশে দিবসটি বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বইমেলা, সাহিত্য আলোচনা, পাঠচক্র, প্রতিযোগিতা ও লেখক-পাঠক মিলনমেলা। অনেক স্থানে বই ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, এই দিবসের মূল লক্ষ্য হলো পাঠ সংস্কৃতি বিস্তার, সৃজনশীলতার বিকাশ এবং লেখক ও প্রকাশকদের মেধাস্বত্ব সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা।
(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











