হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী জাহাজ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে ইরানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল জাহাজটি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তাদের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা অভিযান চালিয়ে ‘এম/টি স্ট্রিম’ নামের ওই ট্যাংকারটিকে থামিয়ে দেয়।
সেন্টকমের দাবি, জাহাজটি চলমান নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করে ইরানের দিকে যাচ্ছিল। এ কারণে সেটিকে জব্দ করা হয়।
জাহাজ চলাচল–সংক্রান্ত তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালিতে অবস্থান করতে দেখা গিয়েছিল।
এর আগে ইরান–সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ ও ‘সশস্ত্র ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়েছিল তেহরান। তবে সর্বশেষ এই ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এ অঞ্চলের যেকোনো ঘটনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











