খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ সদস্য, এলাকায় উত্তেজনা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৬টার দিকে ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে অবস্থান করছিলেন ইমন হোসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর পানছড়ি উপজেলা সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, সাংগঠনিক কাজে বের হওয়ার সময় প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)–এর সশস্ত্র সদস্যরা ইমনকে গুলি করে হত্যা করেছে। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত প্রসীত গ্রুপের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না কিংবা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































