হরমুজ প্রণালিতে একক নিয়ন্ত্রণ নয়, যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব

হরমুজ প্রণালি যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার আওতায় পরিচালনার জন্য ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওমান। এ ব্যবস্থায় প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছাভিত্তিক ফি নেওয়ার প্রস্তাবও রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি উপসাগরীয় সূত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সূত্রটি জানায়, ওমানের এ প্রস্তাবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সমর্থন রয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালির ওপর একক নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে না; বরং আঞ্চলিক অংশীদারত্বের ভিত্তিতে এটি পরিচালিত হবে।
প্রস্তাবটি মালাক্কা প্রণালির মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। সেখানে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছায় অর্থ প্রদান করে, যা নৌ-চলাচল নিরাপদ রাখা, পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যয় করা হয়।
গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ইরানের ওপর বিমান হামলা স্থগিত করে। এতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় শুরু হতে পারে। সংঘাত শুরুর আগে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালির মাধ্যমে পরিবাহিত হতো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে এবং সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা শুরু করবে বলেও সতর্ক করেন তিনি।
সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালি ইস্যুতে ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্টি হওয়া নিরাপত্তাহীনতা দূর করতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র : রয়টার্স
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































