যুক্তরাষ্ট্রে ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপি এ তথ্য জানিয়েছে।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, ঘটনাস্থলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে হামলার উদ্দেশ্য এবং ঘটনার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁটির কাছে একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে এসে গুলি ছোড়েন। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান।
তিনি আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান এবং চিকিৎসাকর্মীরা পৌঁছানো পর্যন্ত তার পাশে ছিলেন। ওই নারীর অবস্থা গুরুতর ছিল বলে জানান তিনি।
টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত করা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হামলার পর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, দমকল ও জরুরি চিকিৎসাসেবা কর্মীরা দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথম সাড়াদানকারী সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, দ্রুত পদক্ষেপের মাধ্যমে তারা আরও বড় ধরনের প্রাণহানি এড়াতে সক্ষম হয়েছেন।
(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































