মিরপুরে শহীদ ও আহত পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেবে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১১:০৯
অ- অ+

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক আবাসিক ভবন নির্মাণ করছে সরকার। নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে শহীদ পরিবার ও গুরুতর আহতদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি কখনো ভুলবে না। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং পরিবারের পুনর্বাসনে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার জুলাই আন্দোলনের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের কাজ শেষ হলে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

আহমেদ সোহেল মঞ্জুর আরও বলেন, জুলাই আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে। আন্দোলনের সুফল দৃশ্যমান হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. জুয়েল মৃধা, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি মোল্লাসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

এর আগে তিনি জুলাই আন্দোলনের শহীদ এমদাদুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ, জিয়ারত এবং শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা