গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩১
অ- অ+

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলের কাছে অভিবাসীবাহী কয়েকটি নৌযান থেকে ২০২ জনকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। তাদের মধ্যে কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন।

গ্রিক সংবাদমাধ্যমের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে কয়েকটি নৌযানে করে এসব অভিবাসী গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন ক্রিটে পৌঁছান। এতে দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে।

বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্বাঞ্চলের কাছে একটি নৌযান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের একটি টহল নৌযান ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় ওই নৌযান থেকে ৪০ অভিবাসীকে উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাই শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌযান থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। প্রথম নৌযানে ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি নাগরিক। দ্বিতীয় নৌযানে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরীয় নাগরিক ছিলেন।

উদ্ধার হওয়া অভিবাসীদের সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ক্রিটে সাম্প্রতিক সময়ে অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় কেন্দ্রটি বর্তমানে তাদের অস্থায়ীভাবে রাখার কাজে ব্যবহার করা হচ্ছে।

এদিকে পৃথক এক ঘটনায় ১৬ বছর বয়সী দক্ষিণ সুদানের এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। ইয়েরাপেত্রার দক্ষিণ-পশ্চিমে ২৮ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে আগের একটি অভিযানে উদ্ধার হওয়া ৫০ অভিবাসীকে পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

অভিবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রার সময় ওই কিশোর নৌযানটি চালিয়েছিল। এ যাত্রার জন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করা অভিবাসীর সংখ্যা বাড়ায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে উদ্ধার ও আশ্রয় ব্যবস্থাপনার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়ার জ্বালানি তেল কিনলেই ১০০% শুল্ক, যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৫ জন গ্রেপ্তার, মামলা ৫০
এক দিনের সফরে রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের পূর্বাভাস, বৃষ্টি-বজ্রঝড়ের পাশাপাশি বাড়তে পারে তাপপ্রবাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা