ব্রুনেইয়ের সুলতান ছেলের স্ত্রীর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৫:১২
অ- অ+

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে ‘অশোভন’ আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজপ্রাসাদ।

চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, সুলতানের নির্দেশে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর রাজকীয় উপাধি অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে তার উপাধি কেড়ে নেওয়া হয়েছে। তার আচরণ রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন করেছে বলেও উল্লেখ করা হয়।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবিয়াতুলের আচরণে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ঠিক কী ধরনের আচরণ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তরও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

রাবিয়াতুল আদাউইয়াহর কাছ থেকে ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি প্রত্যাহার করা হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, সুলতান এর আগেও রাজপরিবারের সদস্যদের রাজকীয় উপাধি প্রত্যাহার করেছেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার সব রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়। একইভাবে ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের উপাধিও প্রত্যাহার করা হয়েছিল।

তবে রাবিয়াতুলের ঘটনা কিছুটা ভিন্ন। কারণ, তিনি এখনো সুলতানের ছেলে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি।

প্রিন্স আবদুল মালিক ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাবিয়াতুলকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় ১০ দিন ধরে চলে এবং এতে হাজারো অতিথি অংশ নেন।

এই দম্পতির চার মেয়ে রয়েছে- ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছর বয়সী ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী খালিশাহ এবং ১৬ মাস বয়সী নাবিলাহ। মায়ের রাজকীয় উপাধি প্রত্যাহার করা হলেও সন্তানদের উপাধিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর গর্ভে সুলতান হাসানাল বলকিয়াহর মোট ১২ সন্তান রয়েছে।

৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একচ্ছত্র শাসক। বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ দেশটি চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা বেষ্টিত।

১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন হাসানাল বলকিয়াহ। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই শাসক বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘকালীন শাসক। তিনি রাজধানীর ইস্তানা নুরুল ইমান প্রাসাদে বসবাস করেন, যেখানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।

তার দীর্ঘ শাসনামলে তেলসম্পদনির্ভর ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিকশা শ্রমিকদের ৫ দফা দাবি, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি
গাজীপুরে সড়ক দুর্ঘটনা কাভার্ডভ্যান চালকের মৃত্যু!
ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার
রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা  করা হবে: ভূমিমন্ত্রী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা