মার্কিন সেনাকে হত্যা বা বন্দিতে ইরানের পুরস্কার ঘোষণা

গত ২৮ ফেব্রুয়ারি হতে চলা যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ বর্তমানে স্থগিত রয়েছে। তবে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-রুট নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনাকর বক্তব্য চলমান রয়েছে।
এরই মাঝে ইরানের তরফ থেকে এলো এক কঠোর হুশিয়ারি। ইরান সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ঘোষণা করেছেন, ‘আগ্রাসী’ হিসেবে চিহ্নিত যেকোনো মার্কিন সামরিক সদস্যকে বন্দি বা হত্যা করতে পারলে ৩০হাজার ডলার পুরস্কার দেওয়া হবে, যা প্রায় ৫ বিলিয়ন ইরানি তোমানের সমতুল্য।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
হাতামি বলেন, ‘কোনো ইরানি নাগরিক একজন মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
নারীদের (মার্কিন নারী সেনা) ক্ষেত্রে এই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ (৬০,০০০ ডলার) করা হবে।’ এই অঞ্চলের স্থায়ী পরিবর্তনের কথা উল্লেখ করে এই সেনাপ্রধান বলেছেন, এই নৌ-রুটটি আর আগের অবস্থায় ফিরে যাবে না। ইরানের প্রধান অধিনায়কের (সর্বোচ্চ নেতা) নির্দেশ অনুযায়ী তারা তাদের সবটুকু ক্ষমতা দিয়ে এই জলপথ রক্ষা করবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার কথা জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা।
গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কারের কথা বলা হয়েছে। নতুন এই ঘোষণার ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































