হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের, প্রকাশ করলেন মানচিত্র

হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ-সংক্রান্ত একটি মানচিত্র নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন তিনি।
আজ রবিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রকাশিত ছবিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়। সেখানে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবিটির ওপরে লেখা রয়েছে—‘নিউ ইউএস টেরিটরি’, যার অর্থ ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’।
গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার একই ছবি শেয়ার করলেন ট্রাম্প। তবে এবার ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন বা মন্তব্য করেননি তিনি।
এর এক দিন আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছি।’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি পরিবহনের বড় একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে এ প্রণালির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































