কক্সবাজার সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

‘ক্লিন বাংলাদেশ, ক্লিন জার্নালিজম’ স্লোগান সামনে রেখে কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সৈকতের প্রায় এক কিলোমিটার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে সৈকতে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সৈকত পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।
বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক রোমান আকন্দের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কাজী শরিফুল ইসলাম বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতিও সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এই সৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, ‘ক্লিন বাংলাদেশ, ক্লিন জার্নালিজম’ শুধু একটি স্লোগান নয়, এটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
বিপিজেএফের সাধারণ সম্পাদক রোমান আকন্দ বলেন, পরিবেশ রক্ষায় গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও তাঁরা কাজ করতে চান। সৈকতে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিচ্ছন্ন সৈকত নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সংগঠনের সহ-সভাপতি মাহবুব আলম বাবু বলেন, কক্সবাজারের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। পর্যটকেরা যাতে পরিচ্ছন্ন পরিবেশে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে জন্য সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতার এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতারা বলেন, এক দিনের কর্মসূচির মাধ্যমে সৈকত দীর্ঘদিন পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পর্যটকদের নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলা, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন।
কর্মসূচিতে বিপিজেএফের সহ-সভাপতি মাহবুব আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম ও সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা, খাদেমুল ইসলাম, আবুল হোসেন, ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় ধর্ম সম্পাদক এসএম জাহান ইমাম, আইন সম্পাদক খোরশেদ আলম বাবুল, গণযোগাযোগ সম্পাদক মাইনুউদ্দিন জমাদার, খাইরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































