কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবু বক্কর সিদ্দিক সোহান। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২০ জন মারা গেলেন।
বুধবার বেলা একটার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহানের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার গোপিন্দি গ্রামে। তার বাবার নাম আবদুল জব্বার। তিন ভাই এক বোনের মধ্যে সোহান সবার ছোট।
বড় ভাই আলমাস ঢাকাটাইমসকে জানান, সাত দিন আগেই তার ভাই ওই প্লাস্টিক কারখানায় যোগ দিয়েছিলেন।
গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন ধরে ঘটনাস্থলে একজন মারা যান। দগ্ধ হন ৩১ জন। পরে একে একে মারা যান ১৯ শ্রমিক।
এ ঘটনায় নিহত শ্রমিক আলমের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানার মালিক নজরুল ইসলামসহ অজ্ঞাত ১০ থেকে ১১ জনকে আসামি করে মামলা করেন।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/টিএটি/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































