নিখোঁজের পরদিন সুপ্রভাত মদকের পোড়ানো মরদেহ উদ্ধার

পাবনার আমিনপুর থানাধীন আহম্মদপুর ইউনিয়নের হলুদ ক্ষেত থেকে একটি পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ওই এলাকার সত্যচরণ মদকের ছেলে সুপ্রভাত মদকের। তিনি স্থানীয় কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন তিনি পরে যাবেন বলে। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে তার খোঁজ করেন। খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগ পাওয়ার পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও কল ধরেননি।
পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের পোড়ানো লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে ইলাহী বলেন, পুরো শরীর পোড়ানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। হত্যার কারণ এবং এর সাথে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত করছে থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/৬অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













