জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সভায় চার প্রস্তাব গ্রহণ

ঈদের পরে সুবিধাজনক সময়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান, নতুন সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া, ভোটার হওয়ার প্রবেশন পিরিয়ড এক বছরের পরিবর্তে ছয় মাস করাসহ চারটি সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে জাতীয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।
আজ সন্ধ্যায় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেনের স্বাক্ষরে পাঠানো ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় ‘সাধারণ সম্পাদকের’ রিপোর্ট উপস্থাপনা করেন আইয়ুব ভুঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা।
এরপর ‘সাধারণ সম্পাদক’ ও ‘কোষাধ্যক্ষের’ প্রতিবেদনের ওপর আলোচনা করেন ২৮ জন সদস্য।
আলোচনায় অংশ নেন এম এ আজিজ, আবদুল আউয়াল ঠাকুর, মুহাম্মদ বাকের হোসাইন, কাজিম রেজা, খুরশীদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, খন্দকার হাসনাত করিম, মো. মোদাব্বের হোসেন, মুরসালিীন নোমানী, সৈয়দ আলী আসফার, বাছির জামাল, শাহীন চৌধুরী, মীর লুৎফুল কবীর সাদী, শাহীন হাসনাত, খন্দকার আলমগীর হোসাইন, ডিএম আমিরুল ইসলাম অমর, আহমেদ করিম, এম. মোশাররফ হোসাইন, মন্জুরুল ইসলাম, বাবুল তালুকদার, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসূফ, দেলোয়ার হাসান, সাঈদুল হোসেন সাহেদ, বুলবুল আহমেদ, মোঃ এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম।
সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন।
বার্ষিক সাধারণ সভায় ঈদের পরে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠান, নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া, ভোট প্রদানের জন্য প্রবেশন পিরিয়ড ১ বছরের পরিবর্তে ৬ মাস করা এবং অগঠনতান্ত্রিকভাবে প্রেস ক্লাব দখল ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে সদস্য পদ স্থগিত হওয়া ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এর আগে সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং গত এক বছরে যেসব সদস্য মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































