কনস্টেবল নিয়োগ হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: এসপি মনজুর মোরশেদ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ।
শুক্রবার জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়।
ব্রিফিং প্যারেডে টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













