দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ধস

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ধস নেমেছে। ফলে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এ দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্য ভ্যাটসহ গণনা করা হয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি পৃথকভাবে যুক্ত হবে।
অন্যদিকে রুপার দামও নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৬৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।
রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বাজুস।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































