নতুন পে স্কেলে বাড়তে পারে ১০০ শতাংশ বেতন, অগ্রাধিকার পাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১০:৩৬| আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১১:২৯
অ- অ+

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। নিম্ন গ্রেডের কর্মীদের আর্থিক সক্ষমতা বাড়াতে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির এক সদস্য জানান, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি নতুন কিছু সুবিধা যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

সূত্র জানায়, অবসরকালীন সুবিধা ও পেনশন কাঠামো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া ভাতা সুবিধা বাস্তবায়নে একাধিক এসআরও (বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ) জারির বিষয়েও মতামত নেওয়া হয়েছে।

কমিটি সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহে কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। মন্ত্রিসভা প্রয়োজন অনুযায়ী সুপারিশে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে পারবে। অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এসব গ্রেডে বেতন বাড়তে পারে ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। অন্যদিকে, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়ার হার হতে পারে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ।

সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রতিবছর মূল বেতনের ৫ শতাংশ হারে বৃদ্ধি পেলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি।

২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ গঠন করা হয়। ওই কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়।

কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। পাশাপাশি বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ প্রায় ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-মিশর লড়াই রাত ১০টায়, সরাসরি দেখবেন যেসব প্ল্যাটফর্মে
কুমিল্লা-নোয়াখালী সড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে অফিসিয়াল ই-মেইল ব্যবহারের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা