মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন গুঁড়িয়ে দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের আকাশসীমায় একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। ইরানি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস এলাকার আকাশে শনাক্ত হওয়া একটি ‘লুকাস’ ড্রোনকে সফলভাবে গুলি করে ধ্বংস করা হয়েছে।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করে বিমান প্রতিরক্ষা ইউনিট। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনটি প্রতিহত ও ভূপাতিত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হামলা প্রতিরোধে দায়িত্ব পালনরত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এই অভিযান পরিচালনা করেছে। ইরানের দাবি, ড্রোনটি তাদের আকাশসীমার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছিল।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানি সূত্রগুলোর দাবি, কয়েক ঘণ্টা আগেই মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালিয়েছে।
এছাড়া ওই হামলায় রাজধানী তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
ইরান প্রশাসন একই সঙ্গে অভিযোগ করেছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা চুক্তি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। এই অভিযোগের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সংঘাত অব্যাহত থাকলে এর প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য বাজারেও পড়তে পারে।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































