হরমুজ প্রণালি নিয়ে আবারও যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৮
অ- অ+

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছে তেহরান, যা দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতেই সাম্প্রতিক বিমান অভিযান চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার রাতে দক্ষিণাঞ্চলের বান্দার আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফারস সংবাদ সংস্থার দাবি, বান্দার আব্বাসের পশ্চিমাঞ্চলে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এবং একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, ওমান উপসাগরসংলগ্ন হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান শুরু করেছে। ইরানের সেনাবাহিনী কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলারও দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, পর্যবেক্ষণ টাওয়ার ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, ৭ জুলাই থেকে ইরানের সঙ্গে সংঘর্ষ পুনরায় শুরু হয়েছে। তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরও ৬০ দিন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে কূটনৈতিক বাকযুদ্ধ চলছে। ট্রাম্প দাবি করেছেন, প্রণালিটি উন্মুক্ত রয়েছে এবং মার্কিন নিরাপত্তা ব্যবস্থার বিনিময়ে সেখানে চলাচলকারী পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপ করা হবে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “হরমুজ প্রণালির রক্ষক সব সময়ই ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

তবে সংঘাত বাড়লেও আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে ইঙ্গিত দিয়েছে উভয় পক্ষ। হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও এখনো সমঝোতার সুযোগ রয়েছে। আলজাজিরার হোয়াইট হাউস–সংবাদদাতা মাইক হান্নার মতে, যুদ্ধবিরতি ভেঙে গেলেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ওয়াশিংটন।

এদিকে সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮১ ডলারে পৌঁছেছে, যা গত জুনের মাঝামাঝির পর সর্বোচ্চ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫২ শতাংশ কমে গেছে।

অন্যদিকে প্রায় চার বছরের অনানুষ্ঠানিক শান্তি ভেঙে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যেও। সোমবার সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতিরা। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং একই সঙ্গে সৌদি-হুতি উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা