আফগানিস্তানে আকস্মিক বন্যার তাণ্ডবে নিহত ২০, নিখোঁজ অনেক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মৌসুমি ভারী বৃষ্টিতে সৃষ্ট এ বন্যায় ঘরবাড়ি, হোটেল ও অসংখ্য দোকানপাট ধ্বংস হয়েছে। এছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। খবর আল জাজিরার।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, সোমবার (২০ জুলাই) নুরিস্তানের প্রধান শহর পারুনে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শহরের বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পানির তোড়ে ভেসে যায়।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৮০ জনের বেশি। হতাহতদের বেশিরভাগই পাকিস্তান সীমান্তবর্তী পারুন ও আশপাশের এলাকার বাসিন্দা।
প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যার পর রাজধানী পারুনের মেয়রসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বেসরকারি সংস্থা ‘শপুল’-এর প্রধান আশিকুল্লাহ সাফি বার্তাসংস্থা এএফপিকে জানান, বন্যায় পারুন শহরের পৌর এলাকার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হোটেল ও কয়েক ডজন দোকানপাট নিশ্চিহ্ন হয়েছে। পানি নেমে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ও ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে স্থানীয় বাসিন্দারা নিজেরাই নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়ই বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
চলতি বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে। সোমবার প্রকাশিত খবরে ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। একই সময়ে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের মাঝামাঝি থেকে দেশটিতে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে ২৭ জন নিহত, একজন নিখোঁজ এবং ৬৯ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান মৌলভি মতিউল হক খালিস বলেছেন, দেশে বন্যার ঘটনা ক্রমেই বাড়ছে। তার মতে, জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের কারণে সৃষ্ট এসব দুর্যোগ মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































