ইউরোপে নজিরবিহীন ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬
অ- অ+

তীব্র ও নজিরবিহীন তাপপ্রবাহের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি চরম সংকটজনক হয়ে ওঠায় শুক্রবার (২৫ জুলাই) স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো দাবানলকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সময়ে ফ্রান্সের আটলান্টিক উপকূলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জরুরি সহায়তা চেয়েছে দেশটি।

ফ্রান্সের জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটনকেন্দ্র ক্যাপ ফেরে উপদ্বীপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো এলাকা খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ধোঁয়া ও আগুন আবাসিক এলাকায় পৌঁছে যাওয়ার আশঙ্কায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের একটি বড় অংশকে জরুরি ভিত্তিতে নৌকায় করে উদ্ধার করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, সামোস অঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানল চলতি বছরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। আগুনের কারণে উপদ্বীপ থেকে বের হওয়ার একমাত্র সড়কটি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। ইতোমধ্যে দাবানলে ১০ হাজার হেক্টরের বেশি বন ও ভূমি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০টি ঘরবাড়ি, যার মধ্যে অন্তত ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে স্পেনেও পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকা থেকে ১০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আভিলা প্রদেশ ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা একাধিক দাবানল একত্রিত হয়ে আরও বড় আকার ধারণ করতে না পারে, সে জন্য অগ্নিনির্বাপক বাহিনী দিনরাত কাজ করছে।

মাদ্রিদের উপকণ্ঠের ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়। স্পেনের ইতিহাসে দাবানলের কারণে সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সতর্কতা জারির ঘটনা এটিই প্রথম। এর আগে কেবল বড় ধরনের জাতীয় বিদ্যুৎ বিপর্যয়ের সময় এমন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

দাবানল মোকাবিলায় স্পেন ও ফ্রান্স উভয় দেশই ইউরোপীয় ইউনিয়নের বিশেষায়িত ফায়ারফাইটিং বিমান ও অন্যান্য জরুরি সহায়তা চেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করলো বিজিবি
জেন-জি আন্দোলনে কাঁপছে ভারত, ভাইরাল প্রতিবাদের চাপে মোদি সরকার
ভারতে মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু
দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা