গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

আজ ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, গতকাল মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। পাশাপাশি জেলা পুলিশ, আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং পাঁচ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ টহল, চেকপোস্ট স্থাপন এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা। এ কারণে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































