সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৫:২৩
অ- অ+

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। একই দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে ১ লাখ এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সনদের ভিত্তিতে ৩ লাখ টাকা করে দেওয়া হবে।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এ সহায়তার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএর মাধ্যমে অনুদানের আবেদন ফরম পৌঁছে দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক, বিআরটিএর সহকারী পরিচালকসহ সংশ্লিষ্টরা এ কার্যক্রমে যুক্ত রয়েছেন।

জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারের কাছে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা-সিলেট মহাসড়কে সাম্প্রতিক সময়ে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বিশেষ করে ওসমানীনগর ও তাজপুর এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সকালে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতার প্রবণতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

এ কারণে সকালের ফাঁকা মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিআরটিএ ও হাইওয়ে পুলিশের মাধ্যমে স্পিড কন্ট্রোল বা গতিসীমা নিয়ন্ত্রণের ব্যবস্থা দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বেপরোয়া চালকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার চলমান প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই অত্যন্ত আন্তরিক ও উদ্বিগ্ন। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে জমি অধিগ্রহণ, মাটির কাজ ও বর্ষার বৃষ্টির কারণে কাজে কিছুটা সময় লাগছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এ এলাকার ১৯ জন সংসদ সদস্য, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সার্বিকভাবে প্রকল্পটির বিষয়ে নজর রাখছেন।

নতুন ছয় লেনের কাজ চলমান থাকা অবস্থায় দুর্ঘটনা কমাতে বিদ্যমান সড়কটি দ্রুত মেরামত ও সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে সড়ক যোগাযোগ নিরাপদ ও স্বাভাবিক থাকবে এবং নির্মাণকাজ চলাকালে মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু নতুন সড়ক নির্মাণই যথেষ্ট নয়; বিদ্যমান সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও জরুরি।

এর আগে শুক্রবার রাতে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এদিকে আহত ও নিহতদের দেখতে হাসপাতালে যান জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মাদ ফখরুল ইসলাম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির অন্য নেতারা।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
জ্বালানি তেল আমদানি-বিতরণে বেসরকারি খাত নিয়ে খসড়া নীতিমালা
আগস্টে ফের ৪ দিনের ছুটি, কারা পাবেন এই সুবিধা?
মেহেরপুরে ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা