চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৭
অ- অ+

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

অকার্যকর ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধের সক্ষমতা পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় করার সক্ষমতা কমে যাওয়া এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতার মতো বিষয়গুলো প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

রেজল্যুশন প্রক্রিয়া কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা এবং রেজল্যুশন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ উদ্যোগের মূল লক্ষ্য আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনা, সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ রক্ষা করা।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে আস্থা ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের আস্থাও ফিরিয়ে আনা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে ঘরছাড়া ১০ লাখ মানুষ, বন্যা-ভূমিধসের আশঙ্কা
মগবাজারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সকাল ১০টায়, পরীক্ষার্থীরা যেভাবে পাবে
দেশের ৮ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা