দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়লো

দাম কমার একদিন পরই দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার (১৫ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা করা হয়েছে।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। দাম কমানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিমাণ দাম আবার বাড়ানো হলো।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে দেশের বাজারে নির্ধারিত নতুন দামেই স্বর্ণ কেনাবেচা হবে।
(ঢাকাটাইমস/১৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































