উত্তরা প্রেসক্লাবের সভাপতি মাসুদ পারভেজ, সম্পাদক মাহতাব ফারাহী

উত্তরা প্রেসক্লাবের ২০২৬ সালের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ। সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সিনিয়র রিপোর্টার মাহতাব ফারাহী।
মঙ্গলবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের সংশোধিত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবিরের নির্দেশনায় নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পড়ান অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার জুয়েল আনন্দ ও অতিরিক্ত নির্বাচন কমিশনার এবিএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গত ২২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। পরে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ফলাফল স্থগিত করে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করা হয়। এরপর নির্বাচন কমিশনের সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মানিক খান, সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য আব্দুর রউফ চৌধুরী।
নির্বাচন কমিশনের সদস্যসচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানে উত্তরা প্রেসক্লাবের বিদায়ী কমিটি ২০২৫-২৬-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের সাধারণ সদস্য ও নবনির্বাচিত কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে শপথ পড়ানো হয়েছে। মহিলা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ায় পদটি আপাতত শূন্য রাখা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ বলেন, উত্তরা এলাকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করবেন তাঁরা। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি উত্তরা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































