প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন, কিন্তু ভোট দিতে পারছেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। জাতীয় সংসদের সদস্য না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় তার নাম নেই।
আজ বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কেবল সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
বর্তমান সংসদে সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সদস্য রয়েছেন। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।
ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আজ দুই প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। তবে সংসদ সদস্য না হওয়ায় ভোটার তালিকায় নাম না থাকায় প্রার্থী হয়েও নিজের পক্ষে ভোট দিতে পারছেন না অলি আহমদ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































