ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় জশনে জুলুস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৪:৫৭| আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৪:৫৮
অ- অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ১২ রবিউল আউয়ান উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়া এ শোভাযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ ছিল।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে আয়োজিত জশনে জুলুসের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

ভোরের আগে থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে উদ্যান ও আশপাশের এলাকা মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সাদা পোশাক ও টুপি পরা মানুষের পাশাপাশি নারী ও বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিও ছিল।

সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে জশনে জুলুস শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকা। শোভাযাত্রার অগ্রভাগে থাকা ব্যানারে ‘ইয়া নবী সালাম আলাইকা', 'ইয়া রাসুল সালাম আলাইকা' লেখা ছিল। এ সময় বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।

মহাসমাবেশে শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায়, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, রাসুলুল্লাহ (দ.) মানুষকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার প্রেক্ষাপটে মহানবী (দ.)-এর আদর্শ ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা জরুরি।

বিএসপি চেয়ারম্যান আরও বলেন, ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। মহানবী (দ.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে।

আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুবে মইনুদ্দীন, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন, গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এমিরেটস ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সাধারণ সম্পাদক খলিফা আলমগীর খান, মাওলানা মুফতি বাকি বিল্লাহ আজহারী ও মাওলানা রুহুল আমিন ভূঁইয়া।

মহাসমাবেশে নারী অংশগ্রহণকারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। আয়োজন শেষে দেশ, জাতি, শান্তি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম শাহ সুফি ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁওয়ে পিকআপ-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পে স্কেলের গেজেট জারির সম্ভাবনা
‘মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছেন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা