দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এদিকে রেমিট্যান্স প্রবাহও অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই রেমিট্যান্সের স্থানীয় মুদ্রায় মূল্য প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।
রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে দেশের বৈদেশিক লেনদেন ও ডলার সরবরাহের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







