‘তুই বাচ্চা হারাইছিস, আমি কী করব?’—সন্তান হারানো বাবাকে পুলিশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮
অ- অ+

ঝিনাইদহের খাজুরা গ্রামের কাপড় বিক্রেতা হোশেন আলীর ১২ বছরের ছেলে মো. আলী দেড় মাস ধরে নিখোঁজ। সন্তানকে ফিরে পেতে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছ থেকে অসহযোগিতার মুখে পড়ার অভিযোগ করেছেন হোশেন। তাঁর ভাষ্য, পুলিশ তাঁকে বলেছিল, ‘তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জিরো মিসিং চিলড্রেন’ আয়োজিত ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এ অভিযোগ করেন হোশেন আলী। নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান, নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং এ বিষয়ে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁরা দীর্ঘদিন ধরে সন্তানদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও ক্ষোভের কথা জানান।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

সংবাদ সম্মেলনে সাভারের বলিয়ারপুর থেকে নিখোঁজ চার বছরের শিশু যাদব কর্মকারের মা বাসনা কর্মকারও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। তাঁর দাবি, ফোনে হুমকি পাওয়ার পর সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে পুলিশকে নির্দিষ্ট তথ্য দেওয়া হলেও তদন্তে কার্যকর অগ্রগতি হয়নি।

কামরাঙ্গীরচর থেকে ১১৫ দিন ধরে নিখোঁজ তিন বছরের শিশু সামিয়ার পরিবারও একই ধরনের অভিযোগ করে। পরিবারের সদস্যরা জানান, টিকটকে শিশুটিকে ‘মিঠাই’ নামে দেখা যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে মামলা ডিবি ও পিবিআইতে গেলেও শিশুটির সন্ধান মেলেনি।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, অনলাইনে সাধারণ ডায়েরি করার ব্যবস্থা রয়েছে। কোনো জিডি প্রত্যাখ্যান করা হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত সবাই শিশু। ফলে প্রেম, অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়াসহ বিভিন্ন ঘটনাও নিখোঁজের জিডিতে আসে। পুলিশের অন্যান্য দায়িত্বের পাশাপাশি শিশু নিখোঁজের বিষয়েও পুলিশ যথেষ্ট সংবেদনশীল।

সংবাদ সম্মেলন শেষে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার, দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্ত এবং শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4