হেলিকপ্টারে ফিরলেন আদম ব্যবসায়ী, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬
অ- অ+

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জমিসের প্রবাসী ভাই প্রতারক-আদম ব্যবসায়ী নাসির উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খোকসার ওসি মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টারে যোগে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

নাসির উদ্দীন শেখ খোকসা উপজেলার খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। এছাড়াও তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

এদিকে একজন প্রবাসী ও মেয়রপ্রার্থীর ভাইকে শুভেচ্ছা জানানোর ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয় পুলিশকে নিয়ে।

স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন একজন আদম ব্যবসায়ী। অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা, চেক জালিয়াতিসহ একাধিক মামলা ও জিডিই রয়েছে। এ ধরনের একজন প্রতারক ব্যক্তিকে সরকারি কর্মকর্তা বা পুলিশ ফুল দিতে পারেন না। এটা স্বজনপ্রীতি ও সরকারি চাকুরির নীতিমালা বহির্ভূত।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় দ্রুত ও সরাসরি পৌঁছাতে তিনি একটি হেলিকপ্টার ভাড়া করেন। পরে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ সেটি দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার সামনে অবস্থিত খোকসা জানিপুর পাইলট মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন প্রবাসী নাসির শেখ। মাঠে নামার পর ওসি মোল্লা জাকির হোসেন ও তদন্ত ওসি মোশারফ হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন মুঠোফোনে বলেন, "এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না। দিইও নাই। যাদের লোক তারায় ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিছিলাম। তখন ওনারায় তদন্তকে ফুল দিছে।" এই বলেই তিনি ফোনটি কেটে দেন।

"ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাঁদার ভেতরে। সেটা উনি ধরাধরি করেছে " বলে জানিয়েছে মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম। তিনি বলেন, " বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছে।"

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালো করে জেনে নিই। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

(ঢাকা টাইমস/৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4