জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে শুক্রবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জাতিসংঘবিষয়ক কার্যক্রম ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সফরসংক্রান্ত তথ্য প্রকাশ করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













