রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, চলছে সংস্কার ও চিকিৎসাসেবা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬
অ- অ+

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টানানো হয়েছে। একই সঙ্গে হামলার পর টানানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটি দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা হামলার পর টানানো সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড পুনরায় স্থাপন করা হয়।

এদিকে হামলা ও ভাঙচুরের ক্ষত না শুকাতেই প্রতিষ্ঠানটিতে সংস্কারকাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কর্মীরা কাজ করছেন।

তবে হামলার পরও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি মিরপুর এলাকায় স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। হামলা, লুটপাট ও ভাঙচুরের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই এখন সংস্কারকাজের পাশাপাশি সেবা কার্যক্রমও চালু রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৮, আদাবরে বাড়িতে হামলায় ৫
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, বাড়ছে কুকুর-বিড়ালের আক্রমণ
শতবর্ষে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
আমদানি কমে যাওয়ায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছাড়ালো ২ হাজার টাকা