ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর সীমান্তে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, মাধবপুর সীমান্তের ৭০/২-আর পিলারের কাছে থাকা একটি গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবির টহলদলের নজরে পড়লে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা দেয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই তিনজন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন।
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












