ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএনসহ ৩ গণমাধ্যম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬
অ- অ+

সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন দেশটির ফেডারেল আদালত। একই সঙ্গে তিন গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করে সিএনএন, এমএস নাউ ও পলিটিকো। নিষেধাজ্ঞা স্থগিত করে সাময়িক আদেশ দেওয়ারও আবেদন জানায় তারা। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলাটি শুনানি করেন মার্কিন জেলা বিচারক টিমোথি কেলি। আদালতের আদেশে বলা হয়েছে, সাংবাদিকদের প্রেস পাস বাতিলের ক্ষেত্রে সাংবিধানিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সাংবিধানিকভাবে সুরক্ষিত কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করার আগে তাকে নোটিশ দেওয়া এবং নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়ার সাধারণ নিয়ম রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহাল করতে হবে। সাময়িক এ আদেশের মেয়াদ ১৪ দিন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন। তিনি এসব গণমাধ্যমকে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন এবং তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন।

এর পরদিন শনিবার সংশ্লিষ্ট তিন গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের প্রেস ক্রেডেনশিয়াল কার্যকরভাবে বন্ধ করে দেওয়া হয়।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলায় সিএনএন, এমএস নাউ ও পলিটিকো যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর স্বাধীন মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সুরক্ষার কথা তুলে ধরে। তাদের দাবি, সংবাদ পরিবেশনে অসন্তুষ্ট হয়ে সরকারি কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার একটি সুবিধা, সাংবিধানিকভাবে নিশ্চয়তাপ্রাপ্ত অধিকার নয়। প্রশাসন আরও দাবি করেছে, গণমাধ্যমগুলো হোয়াইট হাউসের বাইরে থেকেও সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারে।

আদালতের সাময়িক আদেশের ফলে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিন গণমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে কাজ করার সুযোগ ফিরে পাওয়ার পথ খুলেছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত