উত্তরায় রাইদা বাসের চাপায় বয়স্ক নারীর মৃত্যু

রাজধানী উত্তরার রাইদা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৪১৭) চাপায় বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম জেনেদা। তার বয়স আনুমানিক ৬২ বছর।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এক কন্যা সন্তানের জননী জেনেদা উত্তরা ১১নং সেক্টর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। এদিন সকালে তিনি কাজে যাওয়ার পথে ঘাতক বাসটি বেপরোয়া গতিতে এসে ওই নারীকে চাপা দেয়।
দুর্ঘটনার পর বাসটিকে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় জনসাধারণের সহায়তায় উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের সামনে থেকে চালক কবির হোসেনকে (৪২) আটক করেন সেখানে দায়িত্বরত সার্জেন্ট জাকারিয়া সজিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারীটি আইল্যান্ড পার হয়ে উত্তর পাশে যেতে দ্রুত গতিতে ছুটে আসা রাইদা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। এতে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় স্থানীয় পথচারীরা জানান দেশ ব্যাপী নিরাপদ সড়কের পক্ষে আন্দোলন চলমান থাকলেও বাস চালকদের লাইসেন্স নিয়ে কমই কথা বলা হয়।
পথচারীরা আরও বলেন, কোন ধরনের রুট পারমিট ও ফিটনেস ছাড়াই উত্তরার সড়কে দাবিয়ে বেড়াচ্ছে রাইদা পরিবহনের শতাধিক বাস। ভুক্তভোগীরা বলেন, ইতি পূর্বে রাইদা পরিবহনের ড্রাইভার ও হেলপারের হাতে নাজেহাল হয়েছে অনেক যাত্রী। গাড়ির গতি নিয়ে কথা বলতে গেলে তারা যাত্রীদের সাথে খারাপ আচরণ করে।
জানা গেছে, উত্তরা থেকে চলাচলকারী রাইদা পরিবহনের বেশিরভাগ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। যাত্রীরা জানায় বেশীরভাগ সময় তারা হেলপার দিয়ে গাড়ি চালায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রইদা পরিবহনের ওই বাসটি থানায় আনা হয়েছে। এছাড়া বাসের চালককেও আটক করা হয়। এ ঘটনায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএম/এমআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












