‘৫০ হাজার পুলিশের মধ্যেও গুলি করব’: হত্যার হুমকি, অডিও ভাইরাল

চট্টগ্রামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার একটি ভয়ংকর অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে বলা হচ্ছে, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে গুলি করে মারব’—এমন ভয়াবহ হুমকি দিয়েছেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন।
হত্যার হুমকির শিকার ব্যক্তি হলেন আ. সন্ত্রাসী মোবারক আজিজ উদ্দিন। তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। গত রবিবার (২৫ জানুয়ারি) তার হোয়াটসঅ্যাপে এই হুমকির অডিও পাঠানো হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন। দুই মিনিট ত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের ওই অডিও বর্তমানে ফেসবুকে ভাইরাল।
অডিওর শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আজিজ উদ্দিনকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায়। এরপর তাকে উদ্দেশ করে বলা হয়, ‘কয়দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয়দিন পাহারা দেবে। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি, তোকেও তেমনি মারব। তোকে গুলি করে শরীর ভিমরুলের বাসার মতো করে ফেলব। একটা খুনের মামলা আর দশটা খুনের মামলা একই।’
হুমকিদাতা আরও বলেন, ‘তোকে মারার পর আমি নিজেই সারেন্ডার করব।’
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম নগরের চালিতাতলীতে বিএনপি নেতা এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ‘সন্ত্রাসী’ সরওয়ার হোসেন বাবলা। নিহত বাবলার ছোট ভাই হলেন আজিজ উদ্দিন।
পুলিশ জানায়, হুমকি দেওয়া মোবারক হোসেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক খুন, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। তিনি অস্ত্র পরিচালনায় পারদর্শী এবং পুলিশের কাছে তার ১৫–২০টি অস্ত্র বহনের ছবি সংরক্ষিত আছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মোবারককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হত্যার হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।’
আজিজ উদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যার পর থেকেই আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ রবিবার এই অডিও পাঠানো হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি জানান, বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি এবং নগর পুলিশের কমিশনারকে অবহিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক ফটিকছড়ির কাঞ্চনগরের মো. মুসার ছেলে। গেল বছরের ৩০ মার্চ বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন এবং পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ একাধিক সহিংস ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে আনার দায়িত্বেও ছিলেন তিনি।
(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












