জাজিরায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক, অস্ত্র উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার বসতঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমান মাদবর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন বলে জানা গেছে।
প্রশাসন সূত্র জানায়, তার কাছে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তার সঙ্গে অবস্থানরত রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। ঘর তল্লাশি করে পিস্তলের কভার, পিস্তলের স্লাইড/সিলিং অংশ, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন সরঞ্জাম এবং চাপাতি, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মেজর আশরাফ আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক নারীর বিষয়ে পরিবারের পক্ষ থেকে বৈবাহিক সম্পর্কের দাবি করা হয়েছে, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































