হয়েছে মামলা
থানায় ঢুকে ওসিকে পেটালো যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াতের আট নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পলাশবাড়ী থানা প্রাঙ্গণে মারধরের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রশিদুল বারী বলেন, যুব জামায়াতের নেতা মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একদল ব্যক্তি রাত সাড়ে ৯টার দিকে থানায় প্রবেশ করেন। তারা ওসি সরোয়ারে আলমকে একটি দোকান তালাবদ্ধ করতে বলেন। এতে তিনি রাজি না হলে তারা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করেন। মাহমুদুল হাসান পলাশ যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক।
এ ঘটনায় ওসিসহ আটজন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পৌরসভার মালিকানাধীন কালিবাড়ি বাজারের একটি দোকান তালাবদ্ধ করা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































