কালীগঞ্জে আলমসাধুর ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙা গ্রামে সড়ক পার হতে গিয়ে অবৈধ স্যালোইঞ্জিন চালিত আলমসাধু গাড়ির ধাক্কায় মরিয়ম খাতুন মারিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ভাটাডাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম ভাটাডাঙা গ্রামের মান্না শেখের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মারিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্বজনেরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পর্যবেক্ষণ করে শেষে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































