বগুড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মোমেনা খাতুনের মেয়ে শেফালী জানান, তার ফুফু তানজিলার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রোববার সকালে তার সঙ্গে তানজিলার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এসময় মোমেনা খাতুন এগিয়ে এলে তানজিলা, তার ছেলে জেলাল ও পুত্রবধূ স্বপ্না মিলে তাকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির জায়গা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































