সিআইডির অভিযানে গ্রেপ্তার ২

হোয়াটসঅ্যাপে বিনিয়োগের ফাঁদে ৮৬ লাখ টাকা খোয়ালেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১৭:১৫
অ- অ+

স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভনে পড়ে হোয়াটসঅ্যাপভিত্তিক প্রতারণার শিকার হয়ে প্রায় ৮৬ লাখ টাকা হারিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কর্মকর্তা সালেহ আহাম্মদ খান। এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুম রানা ও মো. শামীম আক্তার। গত বুধবার ও বৃহস্পতিবার দিনাজপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, নারায়ণগঞ্জে কর্মরত ভুক্তভোগী কর্মকর্তা সালেহ আহাম্মদ খান হোয়াটসঅ্যাপের একটি গ্রুপের মাধ্যমে প্রতারক চক্রের সঙ্গে পরিচিত হন। প্রতারকরা “ড্রিমপায়ারিং এমসিএস লিমিটেড” নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে তাকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে।

তারা উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ভুয়া চুক্তিপত্র পাঠায়। এতে বিশ্বাস করে ভুক্তভোগী নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে ধাপে ধাপে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা প্রতারকদের কাছে পাঠান।

পরে প্রতারকরা মাসিক লভ্যাংশ দেওয়ার আশ্বাস দিয়ে পুরো অর্থ আত্মসাৎ করে। টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ঠিকানায় যেতে বলে ভুক্তভোগীকে বিভ্রান্ত করে।

একপর্যায়ে ঢাকার সেগুনবাগিচায় প্রতারকদের দেওয়া ঠিকানায় গিয়ে তিনি নিশ্চিত হন, ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই এবং পুরো বিষয়টি একটি সুপরিকল্পিত প্রতারণা।

এ ঘটনায় ভুক্তভোগী নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে বিষয়টি সিআইডিকে জানানো হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালিশে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে একজনের মৃত্যু
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা
কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা