হরমুজ প্রণালি খুলে দেওয়ায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়। এর প্রভাবে একদিনেই ব্রেন্ট ক্রুডের দাম ৯৮ ডলারের বেশি থেকে নেমে ৯০ ডলারের নিচে চলে আসে।
বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের ‘নাইমেক্স’ সূচকের আওতাভুক্ত লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।
বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনা শুরু হওয়ার আগে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের নিচে। কিন্তু মার্চের শুরুতে সংঘাত বৃদ্ধির কারণে তা দ্রুত বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষ দিকে রেকর্ড ১১৯ ডলারে পৌঁছায়।
হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কমে এসেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় বাজারে দ্রুত দরপতন দেখা দেয়।
জ্বালানি বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী দিনে তেলের দাম আরও ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরে আসতে পারে। তারা সতর্ক করে বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা পুনরায় বাড়লে বাজার আবারও অস্থির হয়ে উঠতে পারে।
(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












