ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নুর আলম মাসুদ (৪৫) সোনাগাজীর সততা অয়েল মিলসের মালিক। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের বাসিন্দা এবং ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি বাসায় পরিবারসহ বসবাস করতেন তিনি।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নুর আলম মাসুদকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় বলেন, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ভাই মোর্শেদ বলেন, নতুন পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করতে গিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয় এবং এই দুর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































