ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৫

রাজধানীর মহাখালী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুর পৌনে দুইটায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গতকাল সোমবার অফিস শেষে বাসায় ফেরার পথে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়।
(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












